Tuesday, March 9, 2010

হার্ডডিক্স পার্টিশন করুন জিপার্টেড দ্বারা

হার্ডডিক্সেকে পার্টিশন করার অনেক জনপ্রিয় পার্টিশন ম্যানেজার আছে এর মধ্যে জিপার্টেড হচ্ছে ওপেস সোর্স, ফ্রি, লিনাক্স বেস্‌ড পার্টিশন ম্যানেজার। বেশীর ভাগ লিনাক্স ডিস্টোর সাথে জিপার্টেড পার্টিশন ম্যানেজার থাকে, তারপরেও আলাদা ভাবে জিপার্টেড লাইভ সিডি/ইউএসবি উপযোগী আএসও ফাইল পাওয়া যায়, যার দ্বারা লাইভ সিডি হিসাবে আপনি এই পার্টিশন ম্যানেজার ব্যবহার করতে পারবেন। জিপার্টেড দ্বারা যেকোন ড্রাইভ রিসাইজ (ডাটা না মুছে), মার্জ, ডিলিট, ফরম্যাটসহ পার্টিশনের সকল কাজই করা যায়। এমনকি অপারেটিং সিস্টেম ইনস্টল থাকা ড্রাইভকেও রিসাইজ করা যায়। এছাড়াও পার্টিশন (হুবহু) কপি পেস্ট করা যায়। লিনাক্স বেস্‌ড হবার ফলে এটি সকল অপারেটিং এর উপযোগী ফাইল সিস্টেম NTFS, FAT32, ext2, ext3, reiserfs ইত্যাদি সমর্থন করে এবং পার্টিশন/ফরম্যাট করা যায়। সফটওয়্যারটি বিনামূল্যে http://gparted.sourceforge.net/livecd.php থেকে ডাউনলোড করে সিডিতে রাইট করুন। এবার লাইভ সিডি দ্বারা কম্পিউটার বুট করুন এবং পার্টিশনের যাবতিয় কাজ করুন গ্রাফিক্যাল ইন্টারফেসে।

ইন্টারনেট ছাড়াই জিমেইল ব্যবহার

ইমেইল ক্লাইন্টের নাম আমরা সবাই শুনেছি অনেকেই আউটলুক, ইউডোরা, থান্ডারবার্ডের মত ইমেইল ক্লাইন্ট ব্যবহার করে থাকেন। মেইল ক্লাইন্টের মাধ্যমে পপ সুবিধা থাকা মেইলগুলো ওয়েব মেইল থেকে ডাউনলোড হয়ে মেইল ক্লাইন্টে চলে আসে ফলে ইন্টারনেট ছাড়াই ইমেইল পড়া এবং লিখে সেভ করে রাখা যায়। কিন্তু সমস্যা হচ্ছে মেইল ক্লাইন্টে ওয়েবমেইলগুলো ডাউনলোড হয় ফলে ওয়েবমেইলে তা আর থাকে না, অন্য কোথাও থেকে আর পড়াও যায় না। যদিও জিমেইল পপ সুবিধা সাথে অনলাইনে মেইলের কপি রাখার ব্যবস্থা আছে। ফলে জিমেইল ব্যবহাকারীরা পপ সক্রিয় করে অন্য মেইল ক্লাইন্ট ব্যবহার করলে যে সুবিধা পেয়ে থাকে তাই পাওয়া যাবে জিমেইল অফলাইন দ্বারা। মূলত এটা জিমেইলকে অনলাইনের সাথে অফলাইনের যোগসূত্র তৈরী করে দিয়েছে। অফলাইনে জিমেইল ব্যবহার করতে হলে গুগল গিয়ার ইনস্টল করতে হবে। এজন্য http://gears.google.com থেকে গুগল গিয়ার ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার জিমেইল খুলে সেটিংস থেকে Labs ট্যাবে যান এবং Offline এর Enable অপশন বাটন নির্বাচন করে Save Changes বাটনে ক্লিক করে সেভ করুন। সেভ হবার পরে জিমেইল পুনরাই সক্রিয়ভাবে লোড হবার পরে উপরের ডানে Offline0.2 এ ক্লিক করুন তাহলে Install offline access for Gmail ডায়ালগ বক্স আসবে এখানে Next করুন (যদি Gears Security Warning ডায়ালগ বক্স আসে তাহলে I trust this site চেক করে Allow বাটনে ক্লিক করুন।) এবং কোথায় কোথায় শটকাট নিবেন তা নির্বাচন করে Ok করুন, তাহলে ডাউনলোড (Finishing offline installation এবং পরে Synchronizing…) শুরু হবে। এটি মূলত ইউজারের Local Settings\Application Data এর মধ্যে সেভ হয়। সবশেষে Go into Flaky Connection Mode এ ক্লিক করুন। এরপরে ইন্টারনেট সংযোগ না থাকলেও তৈরী হওয়া শটকাটে ক্লিক করে অথবা https://mail.google.com/mail সাইটে গিয়ে মেইল পড়তে, লিখে সেভ করতে পারবেন। একই কম্পিউটারে, একই ব্রাউজারে, এভাবে একাধিক ইউজারের তথ্যও অফলাইন করে রাখা যাবে। এমনকি একই একাউন্ট একাধিক কম্পিউটারে অফলাইন করে রাখা যাবে। আর পোর্টেবল ফায়ারফক্সে ব্যবহার করলেতো কথাই নেই, ইচ্ছেমত বহন করা যাবে (সিডিতে রাইট করেও রাখা যাবে) আর অপারেটিং সিস্টেম পরিবর্তন বা নতুন করে ইনস্টল করলেও সমস্যা নেই। জিমইেল অফলাইন আপতত উইন্ডোজ (এক্সপি+), ম্যাক এবং লিনাক্সে ইন্টারনেট এক্সপ্লোরার৬+, ফায়ারফক্স ১.৫+, সাফারিতে সর্মথন করবে। এছাড়াও সকল ধরনের তথ্যই জিমেইলের অফিসিয়াল ব্লগ http://gmailblog.blogspot.com থেকে পাওয়া যাবে।

ইন্টারনেট থেকে বিনামূল্যে এসএমএস প্রেরণ

বিনামূল্যে ইন্টারনেট থেকে মোবাইলে এসএমএস করা যায় বেশ কয়েকটি ওয়েবসাইট থেকে। এমনই কিছু ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলো।
www.clickatell.com – এখান থেকে গ্রামীণফোন ও বাংলালিংকে এসএমএস করা যাবে। এখানে রেজিষ্ট্রেশনের সময় ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বর (গ্রামীণফোন বা বাংলালিংকে) লাগবে, কারণ মোবাইল নম্বরে ও ইমেইলে একটি করে কোড আসবে, যার সাহায্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে এসএমএস করা যাবে। তবে একটি মোবাইল নম্বর দিয়ে তিনবারের বেশী রেজিষ্ট্রেশন করা যাবে না। একবার রেজিষ্ট্রেশনে বাংলালিংকে ১২টি অথবা গ্রামীণফোনে ১০টি এসএমএস করা যাবে। এই সাইটে সবচেয়ে মজার সুবিধা হচ্ছে আপনি যে নম্বরে এসএমএস করবেন সেখানে আপনার সেন্ডার আইডি পরিবর্তন করে অন্য নম্বর বা নাম ব্যবহার করতে পারেন ফলে প্রাপক উক্ত নাম বা নম্বর থেকে এসএমএস পাবে।
www.powerofmessaging.com – ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বরের সাহায্যে রেজিষ্ট্রেশন করে গ্রামীণফোন, বাংলালিংকে ও একটেলের গ্রাহকরা এখানে এসএমএস করতে পারবেন।
www.cellebrum.com – এখান থেকে শুধুমাত্র গ্রামীণফোনের গ্রাহকরা রেজিষ্ট্রেশন করতে পারবে। এখান থেকে রেজিষ্ট্রেশন করলে মোবাইলে পাসওয়ার্ড আসবে। তবে এখানে সুবিধা হচ্ছে পিকচার মেসেস, রিংটোন, ওয়ালপেপার মোবাইলে পাঠানো যাবে। যে মোবাইলে পাঠাবেন সেই মোবাইলে সেন্ডার নম্বর হিসাবে রেজিষ্ট্রেশনকৃত মোবাইল নম্বর দেখাবে। এখানে একবারের বেশী রেজিষ্ট্রেশন করা যাবে না।
www.chatbar.com – এখানে রেজিষ্ট্রেশন করতে মোবাইলের প্রয়োজন হয় না। ফলে একাধিকবার রেজিষ্ট্রেশন করে এসএমএস করা যাবে। যে মোবাইলে এসএমএস করবেন সে মোবাইলে ওয়েবসাইটের নাম আসবে এবং এসএমএসের শেষে ইউজার নাম প্রদর্শিত হবে। তবে এ সুযোগ শুধুমাত্র গ্রামীণফোনের গ্রাহকদের।
www.mig33.com – এই সাইটে রেজিষ্ট্রেশন করতে মোবাইলে জিপিআরএস সংযোগ থাকতে হবে। এখঅনে রেজিষ্ট্রেশন করলে বিনামূল্যে এক ডলার পাওয়া যাবে, যা দ্বারা সমমুল্যে আন্তর্জাতিক কল করা যাবে। আর সাথে থাকছে রিংটোন, ওয়ালপেপার ডাউনলোডের সুবিধা।

Wednesday, January 27, 2010

তৃণমূলে প্রযুক্তির বিস্তারের উদ্যোগ : ১২০০ স্কুল-কলেজে কম্পিউটার ল্যাবরেটরি স্থাপন এ বছরই

তৃণমূলে প্রযুক্তির বিস্তারের উদ্যোগ : ১২০০ স্কুল-কলেজে কম্পিউটার ল্যাবরেটরি স্থাপন এ বছরই

গুগলের ওপর সাইবার আক্রমণ যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাক চালাচল

বিবিসি অবলম্বনে মাহবুব আল মেহেদী জিসান
চীনে অনলাইন জায়ান্ট গুগলের ওপর সাইবার আক্রমণ যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্কে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি চীনে গুগলের ওপর বহুল আলোচিত সাইবার আক্রমণ নিয়ে এখনো দুশ্চিন্তা কথা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। অপরদিকে চীনে ইন্টারনেটে বিধিনিষেধ আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সমালোচনায় চীনের নিন্দা প্রস্তাব করেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সমালোচনায় চীনের নিন্দা প্রস্তাবে পর ওবামা তাঁর এই দুশ্চিন্তার কথা জানান। হোয়াইট হাউসের একজন মুখপাত্র ওবামার উদ্ধৃতি দিয়ে জানান, তিনি এর একটা সদুত্তর এবং এর জন্য দায়ীদের উপযুক্ত শাস্তি চাচ্ছেন।

সম্প্রতি হিলারি এক বিবৃতিতে জানান, চীনের অভাবনীয় অগ্রগতিতে ইন্টারনেটের ব্যাপক ভূমিকা রয়েছে। কোনো দেশ ইন্টারনেট ব্যবহারের ওপর বাধানিষেধ আরোপ করার মানে হচ্ছে, আগামী শতকের অগ্রগতির ধারা থেকে নিজেদের বিচ্যুত রাখা। বেসরকারি খাতেরও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সমান দায়িত্ব রয়েছে এবং তাদের উচিত, এই সেন্সরশিপের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া। হিলারি গুগুলের ওপর সাইবার আক্রমণের দ্রুত তদন্তও দাবি করেন। হোয়াইট হাউস মুখপাত্র জানান, হিলারির এই কথায় সম্পূর্ণ একমত ওবামাও।
গুগল জানায়, চীনে নিজেদের কার্যক্রম বন্ধের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে তারা। এর জাবাবে চীন জানায়, দেশের প্রচলিত আইন ও সংস্কার মেনে চললে গুগলসহ অন্যান্য বিদেশি ইন্টারনেট প্রতিষ্ঠানকে চীন সবসময়ই স্বাগত জানাবে। ২০০৬ সালে চীনে ব্যবসা শুরুর সময় সে দেশের রাষ্ট্রীয় কিছু গোপনীয় বিষয় প্রচারে নিয়ন্ত্রণের ব্যপারে রাজি হয়েছিল গুগল। কিন্তু গুগল এখন এই বিধিনিষেধ মানছে না। গত বছর দেশটিতে সার্চ ইঞ্জিনের বাজার ছিল ১০০ কোটি ডলারের। এই বাজারের ৬০ শতাংশ দখল নিয়ে শীর্ষে আছে স্থানীয় সার্চ ইঞ্জিন বাইডু। গুগলের বাজার সেখানে ৩০ শতাংশ।

ঘটনাপঞ্জি: গুগলে সাইবার আক্রমণ
১২ জানুয়ারি ২০১০: গুগল জানায়, সার্চ ইঞ্জিন নিয়ন্ত্রণের কারণে চীন থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেবে।
১৩ জানুয়ারি: যুক্তরাষ্ট্র জানায়, গুগলে সাইবার আক্রমণ নিয়ে তারা দুশ্চিন্তায় আছে।
১৪ জানুয়ারি: যুক্তরাষ্ট্রের সমালোচনায় চীন তাদের প্রথম প্রতিক্রিয়া জানায়। সে দেশের আইন মেনে চললে যেকোনো ইন্টারনেটভিত্তিক বিদেশি প্রতিষ্ঠানকে তারা স্বাগত জানাবে।
১৬ জানুয়ারি: যুক্তরাষ্ট্র জানায়, তারা এর আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে।
২১ জানুয়ারি: চীন জানায় গুগলের ঘটনাটিকে চীন-মার্কিন সম্পর্কের সঙ্গে যোগসূত্র করা ঠিক হবে না
২১ জানুয়ারি: হিলারি ক্লিনটন চীনের ইন্টারনেট নীতির সমালোচনা করে ও বেইজিংয়ের কাছে গুগলের ঘটনার তদন্ত দাবি করে।
২২ জানুয়ারি: চীন হিলারির সমালোচনাকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেয়।